মেনু
সংবাদ টাইমস
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ 15 বার পঠিত
পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি : প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা তৈরির যেকোনো চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে কারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করতে রোববার সন্ধ্যায় সচিবালয়ে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর পেছনের কারণ এবং উদ্ভূত সমস্যাগুলো সমাধানে করণীয় নিয়ে আলোচনা হয়।

এদিকে তৈরি পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

গেজেট অনুযায়ী, বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। আর শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে