আপত্তিকর ভিডিও ও অপহরণের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি
আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৪ আগস্ট) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দফতর সেল থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শওকত ইমরানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নৈতিক স্খলন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নৈতিক আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে আগামী দুই কার্যদিবসের মধ্যে এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত ব্যাখ্যা, আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে এনসিপির বগুড়া জেলা মিডিয়া সেলের সদস্য সচিব রিগান হোসেন বলেন, কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্য-প্রমাণভিত্তিক তদন্ত করাই দলের নীতি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শওকত ইমরানের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এর আগে সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার আগেই তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ সামনে আসে। অভিযোগ অনুযায়ী, গত শনিবার (১ আগস্ট) ইসলামী ব্যাংক নওগাঁ শাখার কর্মকর্তা আশরাফুল ইসলামকে বগুড়া শহরের ফ্লাইওভার এলাকা থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় শওকত ইমরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ তদন্তাধীন রয়েছে।