মেনু
সংবাদ টাইমস
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রনজিত কাণ্ডের পর সীমান্তে ৪০ স্থানে নজরদারি ক্যামেরা

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ 30 বার পঠিত
রনজিত কাণ্ডের পর সীমান্তে ৪০ স্থানে নজরদারি ক্যামেরা
ছবি : সীমান্তে ৪০ স্থানে নজরদারি ক্যামেরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার সম্প্রতি সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে সভা করেন। এ ঘটনার পর সীমান্ত নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে সীমান্তের ৪০টি স্থানে নজরদারি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, রনজিত কাণ্ডের পর নড়েচড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সুনামগঞ্জ সীমান্তের ৯০ কিলোমিটার সীমান্তে ৪০টি স্থান চিহ্নিত করে ওখানে অত্যাধুনিক নজরদারি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এ বাহিনী। গেল দুই দিনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বারেকের টিলাসহ সাতটি স্থানে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে।

বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, যেই পথ দিয়ে অতীতে আসা-যাওয়ার রেকর্ড আছে; অর্থাৎ সীমান্তের এপার থেকে ওপারে ভারতীয় সীমানায় যানবাহন, বিশেষ করে গাড়ি, মোটরসাইকেলে আসা-যাওয়ার ইতিহাস আছে, সেসব স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি এসব স্থান চিহ্নিত করতে পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থারও পরামর্শ নিয়েছে। স্থানগুলো চিহ্নিত করার আগে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা লক্ষ্যস্থল ঘুরে দেখেছেন।

তাহিরপুর সীমান্তের এলসি পয়েন্টগুলো, চারাগাঁও, লালঘাট, লাকমা, বারেকের টিলাসহ বেশ কিছু চিহ্নিত পয়েন্ট এই নজরদারির আওতায় এসেছে।

জানা গেছে, ওই স্থানের ক্যামেরাগুলোর মনিটরিং করা হবে ২৮ বিজিবির মনিটরিং কক্ষ থেকে। এ ছাড়া বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কের মোবাইল ফোনের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ থাকবে।

কোনো দুষ্কৃতকারী ওই ক্যামেরা ভাঙার বা নষ্টের চেষ্টা করলে দ্রুত বিজিবির পক্ষ থেকে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন ও ইন্টারনেট সুবিধা পাবার জন্য যেখানে বিদ্যুতের সুবিধা নেই, সেসব স্থানে সোলার প্যানেল বসিয়ে ক্যামেরাগুলোকে সচল রাখা হবে।

সীমান্তের বাসিন্দা এক স্কুল শিক্ষক বললেন, বিজিবি ৪০টি স্থান চিহ্নিত করে কেবল ওই স্থানগুলো মনিটরিং করে অন্য অংশে নজরদারি কমিয়ে দিলে যাদের আসা-যাওয়ার টার্গেট আছে বা সীমান্ত অপরাধকর্মের সঙ্গে যুক্ত তারা অন্য পথ ব্যবহারের চেষ্টা করবে।

২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নজরদারি ক্যামেরা বসানোর উদ্যোগ আগে থেকেই আছে। তবে সিলেটের রাতারগুলের ঘটনার পর এই বিষয়কে আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ৪০টিরও বেশি স্থান চিহ্নিত করে নজরদারি ক্যামেরা বসানো হবে। গেল দুই দিনে সাতটি স্থানে ক্যামেরা বসানো হয়েছে। এ জন্য সরকার থেকে অর্থায়নও পাওয়া যাবে। নজরদারি ক্যামেরা ৪০ স্থানে বসানো হবে। এর বাইরে থাকা অন্য স্থান দিয়েও যাতে কোনো অপরাধকর্ম না হয়, সেটিও গুরুত্বের সঙ্গে নজরদারি করা হবে।

গেল ৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার সিলেট নগরের ২৬ কিলোমিটার দূরে রাতারগুল সোহেল স্কয়ার, ইকো রিসোর্টে সভা করেন। ওখানে তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। পরে দেশ ছেড়ে সীমান্ত অতিক্রম করে তিনি ভারতে চলে যান। নিজের ফেসবুক আইডিতে রনজিত পরদিন এই ভিডিও আপলোড করলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তোলপাড় শুরু হয়। জাতীয় সংসদসহ জাতীয়ভাবেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে