শিক্ষক বা অন্য পেশায় থেকে সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
শিক্ষকতা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত থেকে একই সঙ্গে সাংবাদিকতা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেছেন, ‘সাংবাদিকতা একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশায় যুক্ত থেকে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা, স্বচ্ছতা ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।’
বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এই সভার বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুল হাকিম বলেন, ‘বর্তমানে শিক্ষকতা, ব্যবসাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকেই একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে শিক্ষকরা সরকারের বেতনভুক্ত হয়ে অন্য পেশা বা সাংবাদিকতা করতে পারেন না। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা, মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা কেবল একটি পদবি বা পরিচয়পত্র বহন করার বিষয় নয়। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, নিরপেক্ষতা রক্ষা এবং জনগণের কাছে সত্য তুলে ধরাই হলো একজন সাংবাদিকের মূল কাজ। তাই সাংবাদিকদের সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংবাদ প্রকাশের স্বাধীনতার সঙ্গে গভীর দায়িত্বশীলতাও অঙ্গাঙ্গিভাবে জড়িত।’
সভায় প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার বা অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। নীতিমালা ও পেশাগত আচরণবিধি মেনে কাজ করলেই গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা সমুন্নত থাকবে বলে তিনি মন্তব্য করেন।