মেনু
সংবাদ টাইমস
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করামাত্রই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ 27 বার পঠিত
শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করামাত্রই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ
ছবি : শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে সরকার। ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে সহিংসতা নতুন করে বাড়ার মধ্যে সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী এ কথা বলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রয়টার্সকে বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে ভারত তাকে ফেরত দেবে বলে আশা করছে ঢাকা।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত এপ্রিলে তারা জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসান হওয়ার পর শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে যান। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা সামনে রেখে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। তবে সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

রোববার এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই গ্রেপ্তার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানিয়ে দণ্ডিত ব্যক্তি হিসেবে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনাকে তার পরিণতির মুখোমুখি হতে হবে।’

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সামনে আসায় আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শামা ওবায়েদ ইসলাম এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া দলের’ টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেন।

তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব সহিংসতার জন্য বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ঢাকা নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে নিজেদের পররাষ্ট্রনীতি কী হবে, তা ঠিক করতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক তৎপরতা

এদিকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে প্রতিবেশী দেশটির ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ।

সম্প্রতি জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা হিসেবে উল্লেখ করেছে।

তবে আদালতের এই রায়ের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গারা ফিরতে পারবেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, এই রায় বাংলাদেশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে শক্তি জোগাবে। রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরার অধিকার রয়েছে।

বারবার প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হওয়ায় বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছেন। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং অধিকাংশ রোহিঙ্গার আবাসস্থল রাখাইন রাজ্যের প্রায় পুরো এলাকা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় তাদের প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে।

মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে। তাই মিয়ানমারকেই এর সমাধান করতে হবে।’

রয়টার্স

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে