বিএনপির আমলে গুম-ক্রসফায়ার হবে না জেনে একটি গোষ্ঠী নাশকতার চেষ্টা করছে
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
মানবাধিকারের প্রতি সরকারের শ্রদ্ধাশীলতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বর্তমান বিএনপি সরকারের আমলে কাউকে গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না, আয়নাঘরে থাকতে হবে না কিংবা অজ্ঞাত স্থানে নির্যাতনের শিকার হতে হবে না— এমন ধারণা থেকে একটি গোষ্ঠী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তবে মানবাধিকারের সীমারেখার মধ্য থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’-এর আলোকে অভিযান পরিচালনার সময় প্রয়োজন অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের জীবন দিতে হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে বাহিনীকে আইনানুগভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্বে চলমান কয়েকটি যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই কষ্টকে উসকানি দিয়ে শ্রমজীবী মানুষকে বিক্ষুব্ধ করার চেষ্টা করছে পতিত শক্তি ও তাদের দেশীয় দোসররা বলে অভিযোগ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সরকার শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাস্তায় নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী এবং মানবাধিকার ও মানবিকতার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার শক্ত অবস্থান নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের কষ্ট লাঘবেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের আগেই শ্রমিক-মালিকসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে একাধিক বৈঠক করে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কয়েকটি বৈঠকও হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। এ উদ্যোগে শ্রমিক ও মালিক উভয় পক্ষ সন্তুষ্ট হয়ে কাজে ফিরে গেছে বলে জানান তিনি।
তবে একটি মহল শ্রমিক সংগঠন ও গোপন সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি নির্ধারণের অজুহাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ কর্মকাণ্ডের সঙ্গে পতিত সরকারের পলাতক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণমাধ্যমে সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতারা দাবি করেছেন, উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিরা সাধারণ শ্রমিক নন; তারা শ্রমিকের নামে নাশকতাকারী। পতিত ফ্যাসিবাদের সুপ্ত শক্তি এবং তাদের দোসর কিছু গুপ্ত শক্তির সংশ্লিষ্টতার খবরও এসেছে বলে উল্লেখ করেন তিনি।
সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, ওই সংগঠনের নেতারা যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। এ ধরনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে সংসদীয় রীতিনীতি অনুসরণের কথা উল্লেখ করে তিনি কোনো দল বা ব্যক্তির নাম বলতে চাননি। তিনি বলেন, ‘আমি সংসদীয় রীতিনীতি ফলো করতে চাই।’ এ সময় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি জানান, বক্তব্যের বিষয়ে কারও কিছু বলার থাকলে তার বক্তব্য শেষ হওয়ার পর ফ্লোর নিয়ে কথা বলতে পারেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংসদের পরিবেশ সম্প্রীতিময় রাখতে চায় সরকার। বিভিন্ন নথি বা ডকুমেন্ট সরকারের কাছে থাকলেও সম্প্রীতির স্বার্থে সেগুলো উল্লেখ করা হচ্ছে না। তবে দেশবাসী জানে, কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট বক্তব্য খুঁজলেই পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
কক্সবাজারে সৈনিক নিহতের ঘটনা
বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে কক্সবাজারে একজন সৈনিকের নিহত হওয়ার ঘটনা তুলে ধরেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি ছিল গত কয়েক বছরের মধ্যে মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। ওই অভিযানের মাধ্যমে ৫৬ জন জিম্মিকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে মাদক কারবারিদের তালিকা প্রণয়ন করা হয়েছে। তাদের গ্রেফতারে বিভিন্ন পর্যায়ে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলবে।
গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিস্ট গোষ্ঠীর একজন সদস্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বৈঠক করে আবার ভারতে পালিয়ে গেছেন। রঞ্জিত সরকার নামে পরিচিত ওই ব্যক্তি কোন পথ দিয়ে প্রবেশ করেছেন, তা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার এজাহারে ২০ জনের নাম এবং অজ্ঞাতপরিচয় ১৭৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের প্রায় সবাই সুনামগঞ্জের বাসিন্দা হওয়ায় সুনামগঞ্জ ও সিলেট জেলা পুলিশ যৌথভাবে তাদের গ্রেফতারের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ওই বৈঠকে অংশ নেওয়া সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে যৌথ অভিযান চলছে।
বক্তব্যের দ্বিতীয় অংশে স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সম্পূর্ণ অপরাধমুক্ত থাকুক—এটাই সবার প্রত্যাশা। তবে প্লেটোর আদর্শ রাষ্ট্রের মতো অপরাধমুক্ত রাষ্ট্র বাস্তবে সম্ভব নয়। বিশ্বের কোনো দেশে কোনো সময়ই শূন্য অপরাধ ছিল না।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ২০২৫ সালের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান এবং বর্তমান সরকারের সময়ের পরিসংখ্যান দেওয়া আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছে। তাই তুলনার জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় খুনের ঘটনা কমেছে ২৮৭টি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ। যে কোনো সংসদ সদস্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে দেওয়া তথ্য যাচাই করতে পারবেন। গতকাল একটি পত্রিকার প্রতিবেদনে তুলনামূলক বিবরণ না দেখিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলা হয়েছিল। কিন্তু উন্নতি বা অবনতির চিত্র বুঝতে হলে নির্দিষ্ট সময়ের সঙ্গে তুলনা করতে হবে।
মবের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটেছিল। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ১৬টিতে নেমেছে। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মবের ঘটনা কমেছে ৩৯টি।
তিনি বলেন, ‘এই ১৬টাও যাতে না হয়, সে জন্য আমরা চূড়ান্ত ব্যবস্থা নেব। ধীরে ধীরে দেশে কোনো মব থাকতে পারবে না।’
এ ছাড়া চুরি, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব অপরাধের বিস্তারিত পরিসংখ্যান পুলিশের ওয়েবসাইটে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। নারী ও শিশু নির্যাতনের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় ১২৫টি কমেছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
সীমান্ত পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের দায়িত্ব গ্রহণের আগের সময়ে পুশইনের শিকার হওয়া ব্যক্তির সংখ্যা ছিল ২ হাজার ৪৮২ জন। অন্যদিকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ সংখ্যা ছিল ৩৭ জন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে পুশইনের চেষ্টা করা হয়েছিল। সরকার ধৈর্য ও কঠোরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। এ কারণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই সময়ে বিএসএফের ১৯৪টি ঘটনায় এক হাজার ৩৫১ জন বাংলাদেশি নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের শক্ত অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে।
সীমান্তে বাংলাদেশি নিহতের সংখ্যা কমেছে
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফ ও ভারতীয় নাগরিকদের গুলিতে ২২ জন বাংলাদেশি নিহত হয়েছিলেন। ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে ১২ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ সীমান্তে হত্যাকাণ্ডে বাংলাদেশি নাগরিকের মৃত্যু কমেছে ১০টি।
তিনি বলেন, সীমান্তে আর কোনো বাংলাদেশি যেন হত্যাকাণ্ডের শিকার না হন, সে চেষ্টা সরকারের অব্যাহত রয়েছে। তার দাবি, এসব পরিসংখ্যান সরকারের দৃঢ় অবস্থান এবং সীমান্তে বিজিবির কার্যক্রমের চিত্র তুলে ধরে।
অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের সংখ্যা বেড়েছে
সীমান্তে অস্ত্র উদ্ধারের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিজিবি ৮১টি অস্ত্র উদ্ধার করেছিল। ২০২৬ সালের একই সময়, অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত অস্ত্র উদ্ধারের সংখ্যা বেড়ে ১২৯টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় অস্ত্র উদ্ধার বেড়েছে ৪৮টি।
তিনি বলেন, গোলাবারুদ উদ্ধারের সংখ্যাও বেড়েছে। একইভাবে ডেটোনেটর, ককটেল ও মাইন উদ্ধারের সংখ্যাও বেড়েছে। সীমান্ত এলাকায় এসব বিস্ফোরক উদ্ধারের সংখ্যা গত বছরের তুলনায় ১০৬টি বেশি বলে জানান তিনি।
মাদকদ্রব্য উদ্ধারের পরিসংখ্যানও আগের বছরের তুলনায় বেশি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিস্তারিত পরিসংখ্যান তুলে না ধরে তিনি বলেন, এসব তথ্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইট এবং বিজিবির ওয়েবসাইটে পাওয়া যাবে। তার কাছে এসব তথ্যের মুদ্রিত কপিও রয়েছে।