মেনু
সংবাদ টাইমস
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ডিলার নিয়োগ নিয়ে বিরোধীদের প্রতিবাদ, সংসদে উত্তপ্ত পরিস্থিতি

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ 33 বার পঠিত
ডিলার নিয়োগ নিয়ে বিরোধীদের প্রতিবাদ, সংসদে উত্তপ্ত পরিস্থিতি
ছবি : ছবি: সংগৃহীত

সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের প্রাধান্য দেওয়া এবং অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগ তুলে সংসদে প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের সদস্যরা। এ নিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের ‘উৎসব’ মন্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ ও হইচই শুরু করেন। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি অভিযোগের প্রমাণ দেওয়ার আহ্বান জানান।


বুধবার (১১ নভেম্বর) সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের বক্তব্যকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি অভিযোগের সত্যতা প্রমাণের আহ্বান জানান।

সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ সারের ডিলার নিয়োগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি শিরোনাম পড়ে শোনান।

তিনি বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ সারের ডিলারের ২৮ জন বিএনপি। তার মধ্যে ১০ জন হচ্ছে নেতার স্ত্রী, নেতার সন্তান, নেতার ভাগ্নি। কিছুদিন আগে নাটোরের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে মারা হয়েছে। এক এমপির সন্তান কর্তৃক। সেই সন্তানও সারের ডিলার পেয়েছে।’

হাসনাত বলেন, দেশব্যাপী সারের ডিলার নিয়োগ নিয়ে মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন।


বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধীদলীয় আসনের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসাংবিধানিক বলেছিলেন। অথচ এখন বিএনপি সরকার নিজেই এমন ব্যবস্থা করেছে, যার কোনো নিয়ম বা বিধি নেই বলে অভিযোগ করেন তিনি।

কৃষিমন্ত্রীর কাছে হাসনাত জানতে চান, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে কি না এবং সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগনিরা ডিলারশিপ পেয়েছেন কি না। আগের আওয়ামী লীগ সরকারের আমলে সারের ডিলার নিয়োগের যে নিয়ম করা হয়েছিল, তাতে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পান, মন্ত্রণালয় সেই ব্যবস্থা করেছিল কি না, সেটিও জানতে চান তিনি। পাশাপাশি বর্তমান ডিলার নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, সেই প্রশ্নও তোলেন।


হাসনাত বলেন, ‘আমাদের দেশের এই কালচার কবে যাবে যে, আমি নিজে এমপি হব, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে। আমার ভাগ্না ব্যবসায়ী হবে। এই কালচারটা কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মাননীয় মন্ত্রী আপনার কাছে জানতে চাই।’

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, ‘উনি (হাসনাত) বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরা তো চাই এটা উৎসব হোক, উৎসবের মতো করে মানুষ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি, উৎসব খারাপ অর্থে যদি চিন্তা করেন ভিন্ন।’

মন্ত্রীর এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা হইচই শুরু করেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। সদস্যরা সাইড টক করলে তার কথা বলতে অসুবিধা হয়। তিনি চান, কেউ যেন সাইড টক না করেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘আমার জবাব যদি অপছন্দ হয়, আরেকটা প্রশ্ন করব। আরেকটা জবাব দিমু। অসুবিধা নাই।’

তিনি বলেন, সারের ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। সেখানে কিছু নিয়মনীতি অনুসরণ করে আবেদন আহ্বান করা হয়েছে। এ বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা আবারও হইচই শুরু করেন।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

কৃষিমন্ত্রী বলেন, তার বক্তব্য শেষ হলে বিরোধী দলের সদস্যদের সন্দেহ দূর হবে। উপজেলা থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। জেলায় যে কমিটি রয়েছে, সেখানে উপদেষ্টা হিসেবে এলাকার সংসদ সদস্যের থাকার সুযোগ আছে।

এ পর্যায়ে বিরোধী দলের সদস্যরা আবারও দাঁড়িয়ে হইচই শুরু করেন। তাদের বসার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনারা সকলেই বসেন। সবাই বসেন প্লিজ।’ সরকার দলীয় একাধিক সদস্যকেও বিরোধী দলকে বাসার অনুরোধ করতে দেখা যায়।

তিনি বলেন, ‘আমরা বারংবার বলছি, মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এইভাবে হৈচৈ করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন। উনার উত্তর শুনেন। মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন। আর এইদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।’

বিরোধী দলের সদস্যদের হইচইয়ের মধ্যেই বক্তব্য চালিয়ে যান কৃষিমন্ত্রী। তিনি বলেন, যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রস্তাব পাঠানোর পর মন্ত্রণালয় ডিলার নিয়োগের ঘোষণা দিয়েছে। এটি একজনের স্বাক্ষরে হয়নি।

তবে বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়ে ফ্লোর চাইতে থাকেন। একপর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলের সদস্য অভিযোগ করেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা ডিও দিয়েছেন। এ তথ্য সঠিক নয়। এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য মন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন কিংবা লিখিত দিতে পারেন।

প্রমাণ না থাকলে অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি। এরপরও বিরোধী দলের কয়েকজন সদস্য দাঁড়িয়ে ফ্লোর চাইলে স্পিকার কাউকে কথা বলার সুযোগ না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান। এসময় বিরোধী দলীয় সদস্যরাও হইচই করেন।

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে