মেনু
সংবাদ টাইমস | Bd News
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা
কনভার্টার

ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফ

সংবাদ টাইমস ডেস্ক প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ 38 বার পঠিত
ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে উইং কমান্ডার সাইফ
ছবি : ছবি: সংগৃহীত

বিএনপির সাবেক সংসদ সদস্য ও নেতা ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) সকালে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।

প্রসিকিউশন সূত্র জানায়, সকাল ৯টার পর সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করবে।


এর আগে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন।

রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় পরিচালিত তদন্তে উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। ওই রাতেই তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীও নিখোঁজ হন। এরপর দীর্ঘ ১৪ বছর পার হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইলিয়াস আলী ও আনসার আলীর নিখোঁজের ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে নানা দাবি, তদন্ত ও অনুসন্ধানের কথা সামনে এসেছে। তবে তাদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি ইলিয়াস আলী নিখোঁজের ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের আওতায় আসে। তদন্তে সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেই পরোয়ানার পর রোববার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

আইন ও আদালত থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে